ঢাকা: রাজধানী ঢাকার বুড়িগঙ্গার শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।