ঢাকা: মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অপরাধে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করা হয়। এতে দেখা যায়, কিছু পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে।
এ ধরনের কার্যক্রম ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনবিরোধী হওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ও ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তাদের অধিকার সংরক্ষণ, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।