Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২ আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৯:৫৮

গ্রেফতার ২ আসামি।

ঢাকা: ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ২ ছাত্রল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার কার্যক্রমনিষিদ্ধ যুবলীগ কর্মী মো. সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ দুপুরে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন। এরপরই ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।

নেতারা মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে সমাবেশস্থল অন্ধকার হয়ে পড়ে। পরে রাত ৯টা ৪২ মিনিটে নেতাদের বক্তব্য চলাকালে মঞ্চ থেকে ১০-১৫ ফুট সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারদিক সাদা ধোঁয়ায় ছেয়ে যায় এবং উপস্থিত লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। এই ঘটনায় চারজন আহত হন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজাহারে দাবি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামিরা এনসিপির নেতা ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর