ঢাকা: জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণে জড়িত গ্রেফতার এএসপি ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুক্রবার (৩ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন বলে আদালতের হাজতখানার ইনচার্জ মো. মোরশেদ আলম জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার বাড্ডার বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি।