ঢাকা: রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করা শুটারকে বহনকারী বাইকার মো. ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। কাইল্লা পলাশকে গুলি করার পর শুটারকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করেন তিনি।
রোববার (১৪ জুন) বিকেলে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ইমাম কাইল্লা পলাশকে গুলি করা শুটারকে মোটরসাইকেলে করে পালাতে সহায়তা করেছে। গুলির পর যে মোটরসাইকেলে করে শুটার পালিয়েছে, সেটির চালক ছিল ইমাম। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রামপুরা টিভি সেন্টারসংলগ্ন এলাকায় নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন কাইল্লা পলাশ। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কাইল্লা পলাশ। ওই মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান কাইল্লা পলাশ।