চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষক খুন হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা চরম্বা ৬ নম্বর ওয়ার্ডে জান মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আবুল কাশেম (৬০)। সে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া এলাকার মৃত আব্দুল সোবহানের পুত্র এবং উপজেলার চরম্বা জামেউল উলুম দাখিল মাদরাসার শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল থেকে এক পক্ষ অন্য পক্ষের জায়গায় বাড়ি নির্মাণের কাজ করছিল। আজ আবুল কাশেমরা বাধা দিতে যান। এ সময় বাড়ির কাজ করা রাজমিস্ত্রীসহ ইয়াকুব ও হারুন মিলে আবুল কাশেমকে এলোপাথাড়ি মারধর করে আহত করে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আমজাদ সারাবাংলাকে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।’