ঢাকা: অস্ট্রেলিয়া ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (১২ মে) দুপুরে র্যাব-৪ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতাররা হলো- নুসরাত জাহান (২৮) এবং মো. সোহান (২৪)। গতকাল সোমবার (১১ মে) রাতে র্যাব-৪ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা পল্লবীর ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্কষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়। সে সুবাদে ভুক্তভোগীরা গত ৬ মাস পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া ব্যাপারে কথাবার্তা বলে। এ সময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জন প্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্ভিয়াতে যেতে জন প্রতি ৮ লাখ টাকা দিতে হবে।
র্যাব আরও জানায়, অভিযুক্তদের সঙ্গে চুক্তির পরে ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে ৩ কোটি টাকা দেয় ৩ মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে। টাকা দেওয়ার ১ মাস পর ভুক্তভোগীদের ভুয়া ভিসা দেয়। গ্রেফতার আসামিরা ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের নিকট বুকিং করা এয়ার টিকিট দেয় এবং ফ্লাইটের তারিখ আসার ১ দিন পূর্বেই বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে বলে প্রতারণা করে।
র্যাব জানায়, ওই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ বিষয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র্যাব-৪ জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।