ঢাকা: জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সিরাপ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) পাঁচবিবি উপজেলার রশিদপুর আঁখিরাপুকুর এলাকায় মো. রায়হানের বসতবাড়িতে তল্লাশি করে তার বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত একে এল ওয়ান (১০০ এমএল) নামের ৮,০৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপসহ তাকে আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
শরিফুল ইসলাম বলেন, একই দিন সকালে বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুনে, সর্বমোট ৭,৪৮৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ২৫ লাখ ২৯ হাজার ৫০ টাকা।
তিনি জানান, জব্দকৃত যৌন উত্তেজক সিরাপসমূহের মধ্যে রয়েছে জিনসা, রুটারেস, জেড ভিটা, জেনসিং, লেক্স আলো, স্নেহা, গোল্ডেন সালসা প্যারিলা, জোস, বিজিলেক্স, টাস এবং একেএল ওয়ান। উদ্ধারকৃত মালামালসংক্রান্ত বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।
এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।