ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরির ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, এই ঘটনায় গতকাল বুধবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন – হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ। তারা অন্তত ছয়টি মিনি ট্রাকে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গেছে, গত ২০ এপ্রিল গভীর রাতে হাসপাতালের বেজমেন্ট থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়। হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) মো. হাফিজুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানের পিএস তাকে ডেকে জানান যে বেজমেন্ট থেকে কিছু মালামাল বের হবে। পিসি গেট পাস চাইলে তাকে সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। মাহমুদুল হাসান তাকে জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং প্রকৌশলী মামুনুর রশীদের কাছে অনুমতিপত্র রয়েছে।
তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বেজমেন্টে দুটি মিনি ট্রাক প্রবেশ করে। সেখানে আগে থেকেই প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মামুন উপস্থিত ছিলেন। পরে আরও চারটি ট্রাক ভেতরে ঢোকে। দায়িত্বরত আনসার সদস্যরা মালামাল বের করার অনুমতিপত্রের ছবি তুলতে চাইলে অভিযুক্তরা বাধা দেন এবং স্টোরের দায়িত্বে থাকার দোহাই দিয়ে ছবি তুলতে নিষেধ করেন।