Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে প্রদীপ পাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

গ্রেফতার অভিযুক্ত প্রদীপ পাল

ঢাকা: ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পালকে (৪০) নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পালকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

শুক্লা রায় জানান, গ্রেফতারকৃত প্রদীপ পাল ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে। ওই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় গত ২৫ মার্চ সাইবার সুরক্ষা আইনে মামলা করে। মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সর্বশেষ গত ১৪ এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রেফতার আসামি প্রদীপ পালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস