ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে চাঁদাবাজের অতিষ্ঠে এবং মেরে ফেলার হুমকিতে আতঙ্কিত হয়ে ভিকটিম আলমগীর (৪৬) ও তার পরিবার নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঁদাবাজ জাকিরকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বস্তি এলাকায় আলোচিত চাঁদাবাজির ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি জাকিরকে আজ বিকেলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম বলেন, ভিকটিম মো. আলমগীর বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। ভিকটিম বিভিন্ন সময়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদাও নেয়।
তিনি বলেন, গ্রেফতার আসামিসহ তার সহযোগীরা প্রায়ই ভিকটিমকে ভয় ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। গত ৩০ মার্চ বিকালে গ্রেফতার আসামি ও তার সহযোগীরা ভিকটিমের হোটেলে এসে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ হাজার টাকা দেয়। এই ঘটনায় ভিকটিম ও তার পরিবার ভয়ে এবং আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন ভিকটিম ও তার পরিবারকে উদ্ধার করে। পরে ভিকটিম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এই ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলে। পরে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজ প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।