Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেল পাচার রোধে লালমনিরহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:৩৪

লমনিরহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ঢাকা: জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট শনাক্তকরণে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণকে তেল পাচার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।