Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দর থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১১:৪০ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৩:৩৯

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক দাম প্রায় ৩৮ কোটি টাকা।

রোববার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

কাউছার মাহমুদ বলেন, অভিযান চলাকালে বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেল, বিমানের কারিগরি দলের সহায়তায় খুলে দেখা হলে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার সর্বমোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি। ওই সোনার বারগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ কোটি টাকা।

বেবিচক এর সহকারী পরিচালক বলেন, উদ্ধার হওয়া ১৭ দশমিক ৭৮৪ কেজি ওজনের ১৫৩টি সোনার বার বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এরইমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর