Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্কহেডে ১ লাখ ৮২ হাজার ইয়াবা, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ০০:০২

বাল্কহেডে ১ লাখ ৮২ হাজার পিস ইয়াবা, আটক ৫। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদী তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ দিন দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে মিডিয়া ব্রিফিংয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য জানান।

আটক পাঁচ জন হলেন- মো. ইমরান (২১), মো. আনিস (২৯), মো. মনির হোসেন (৪৫), মো. আলী (৪৭) এবং মো. রুবেল (২৭)।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেড জাহাজে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনার খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দল বাল্কহেডটির গতিবিধি অনুসরণ করে। এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করে। এ সময় নৌকা থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে বাল্কহেডটির ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে দু’টি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। আটক ব্যক্তিরা মূলত শ্রমিক হিসেবে বাল্কহেডে কাজ করতেন এবং নির্দিষ্ট স্থানে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। তাদের এ কাজের জন্য প্রত্যেকে প্রায় ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। ইয়াবার চালানটি মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ায় পাচারকারীরা বিকল্প হিসেবে সমুদ্র ও নদীপথ ব্যবহার করছে। আটক ব্যক্তিদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর