বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে।
মঙ্গলবার (১০ মার্চ) এ লিখিত অভিযোগ জমা দেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকায় সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজটি টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকায় বরাদ্দ হয়। তবে কাজের বিপরীতে পিআইও আওলাদ হোসেন অতিরিক্ত খরচের নামে মোট ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে এবং বিভিন্ন চাপের কারণে বাধ্য হয়ে তারা ঘুষ দিয়েছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে অনৈতিক ও সরকারি সেবার পরিপন্থি হিসেবেও আখ্যায়িত করেন।
এদিকে পিআইও আওলাদ হোসেনের সঙ্গে এ বিষয়ে জানতে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ‘সাংবাদিক’ পরিচয় শুনে কলটি কেটে দেন এবং পরবর্তীতে আর কল রিসিভি করেননি।
এ ছাড়া জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি তদন্তের জন্য ডিডি এলজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’