Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমপন্থীরা আগের রূপে প্রকাশ্যে আসতে শুরু করেছে: র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৯:০৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:১১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ঢাকা: চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার চরমপন্থীরা আবার আগের রূপে প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থীরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে, যারা এর আগে আত্মসমর্পণ করে পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল। এদের ব্যাপারে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

ইন্তেখাব চৌধুরী বলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রকিব রানাকে (৫৫) ৪টি লং রাইফেল, ৫টি এক নলা বন্দুক, ম্যাগাজিনসহ ২টি ১২ বোর শর্ট গান, ২টি খালি ম্যাগাজিনসহ ১টি পিস্তলসহ সর্বমোট ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২৯৮টি রাইফেল এ্যামোনেশন, ৫০০টি শর্ট গান কার্তুজ এবং ৯৯টি পিস্তল কার্তুজসহ মোট ৮৯৭টি এ্যামোনেশন এবং ১টি প্রাইভেটকার জব্দ গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতার রকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবরের শেখের টেক এলাকা থেকে মো. আলমগীর হোসেন ওরফে শ্যুটার আলমগীরকে (৪৫) ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা, চেক জালিয়াতিসহ ৩টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর