গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষিকা শামসুন্নাহার রুমা (৪৫) চণ্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমা ওই বাসায় একাই বসবাস করতেন। এক মাস আগে একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।
প্রতিবেশীরা জানায়, দুপুর গড়িয়ে গেলেও রুমার ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। এরপর পাশের বাসার এক নারী ভেতরে গেলে দেখতে পান—ঘরের দরজা খোলা, আর রুমা মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নিথর হয়ে পড়ে আছেন। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করি। এটি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত ডাকাতি, সেটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’