Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৩ হাজার ইয়াবা পাচারের সময় আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭

ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ২ যুবক।

বগুড়া: জেলার সদর উপজেলায় একটি বাস থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার ভোরে নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তিন হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে ইয়াবাসহ দুইটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছে, রমজানে সেহরির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কিছুটা শিথিল থাকতে পারে ভেবে তারা এই সময়টিকে মাদকদ্রব্য পাচারের জন্য বেছে নিয়েছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা ধর্মীয় আবেগের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর