Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮

ছবিতে: নিহত ফাহিম হোসেন।

বগুড়া: বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে তনয় তার পথ আটকায়। এ সময় ফাহিমের বুকে ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে তনয় পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বোনকে উত্যক্ত করার জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর