Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৩:১২

গ্রেফতার হওয়া আসামি।

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সি এক মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক।

মামলার এজাহার অনুযায়ী, ওই মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত শিশুটি। মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে ওয়াশরুমে নিয়ে বলাৎকারের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদরাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে শিশুটিকে এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে কান্নাকাটি করে মাদ্রাসায় আর যাবে না বলে জানায় এবং একপর্যায়ে মায়ের কাছে এ ঘটনার কথা খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, ‘মামলা হওয়ার পর থেকে রমিজ উদ্দীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রমিজ উদ্দীনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর