চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তার সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে তার বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে। আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলেসন্তান রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সকালে সহকর্মীরা ফোনে না পেয়ে তার খোঁজে থানার কোয়ার্টারে যায়। একপর্যায়ে তার কক্ষের বিছানা থেকে ওই পুলিশের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’