Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১১:২১ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৫:১৪

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার মো. নুরুল আলম এবং বোয়ালখালী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দগ্ধ দুই শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দগ্ধ শ্রমিকদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর