Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২১:৩৫

গ্রেফতার হওয়া আসামিরা।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিএমপির দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর নির্দেশনায় চকবাজার থানা, সিএমপির একাধিক বিশেষ দল এবং র‍্যাব-৭ যৌথভাবে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

পুলিশ জানায়, গত ১১ জুলাই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর কাছে হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে এককালীন ২ কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এর ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল চকবাজার থানার চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাব, কাচের দরজা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অফিসের ড্রয়ার থেকে ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যাওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল।

এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর