চট্টগ্রাম: জেলায় টানা ভারি বৃষ্টিতে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ও নগরীর পাঁচলাইশ থানার চশমাহিল মেয়র গলি এলাকায় এই দুই পাহাড়ধসের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। এসময় মাটির চাপে একটি কাঁচা ঘর বিধ্বস্ত হলে ভেতরে থাকা ১০ মাস বয়সি শিশু মো. আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশে গড়ে তোলা বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেছে।’
এদিকে নগরীর চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড়ধসে সামিয়া ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৪১২ মিলিমিটার। এটি গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।