Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর: এসপি মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১১:৪৫

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম

চট্টগ্রাম: সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

বুধবার (১ জুলাই) নগরীর ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা অংশ নেন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধ, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে পূজা উদযাপন কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা মতামত ও প্রস্তাব তুলে ধরেন।