Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদন স্থগিতের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেট
৩০ জুন ২০২৬ ২১:৩৩

মানববন্ধনের ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন-সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে বিচারাধীন রিটের নিষ্পত্তির আগে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত উপজেলা অনুমোদনের সব কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার সুয়াবিল চুরখাঁহাট বাজারে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, উচ্চ আদালতে রিট পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় এবং মাঠ প্রশাসনের মতামত উপেক্ষা করে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড সংযুক্ত করার উদ্যোগ আইন ও ন্যায়বিচারের পরিপন্থি।

বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে প্রশাসনিক পুনর্বিন্যাসের যেকোনো সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী হবে। তারা উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদনের সব কার্যক্রম, বিশেষ করে জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদন প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও মাঠ প্রশাসনের সুপারিশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এদিকে, একই দাবিতে সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদন পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, নতুন উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও উপজেলা সদর নির্ধারণ ও ইউনিয়ন অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্থানীয়দের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ ছাড়া, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একাধিক রিট বিচারাধীন এবং প্রশাসনিক প্রক্রিয়াও চলমান থাকায় আদালতের রায় না হওয়া পর্যন্ত ১ জুলাই অনুষ্ঠেয় নিকার সভায় প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদনের কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রস্তাবিত সংযুক্তির বিরোধিতা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের সংগঠক ও সুয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. শফিউল আলমের সভাপতিত্বে এবং ডা. এস. এম. ফরিদ ও যুবনেতা আমান উল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ এস. এম. নুরুল হুদা, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, রবিউল হোসেন তানজিম, সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহসহ আরও অনেকেই।