Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, না হলে আইনি ব্যবস্থা: চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২১:০০ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২১:০১

খাল ও ছড়া পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খাল ও ছড়া দখলকারীদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৪ জুন) সকালে নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়ার পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন এবং পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘খাল ও ছড়াগুলো নগরবাসীর সম্পদ। এসব জলাধার দখল ও দূষণের কারণে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হচ্ছে।’

বিজ্ঞাপন

যারা খাল-ছড়া দখল করে রেখেছেন, তাদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘অনেক স্থানে খালের ওপর স্থাপিত স্ল্যাব ও অবকাঠামো পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসব সমস্যা চিহ্নিত করে পুরো খাল ব্যবস্থাকে পরিষ্কার ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ওয়ার্ডভিত্তিক জলাবদ্ধতার কারণ শনাক্ত করে পরিকল্পিতভাবে কাজ চলছে বলেও তিনি জানান।

মেয়র বলেন, ‘নগরের ৪০টি খালের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এর আওতায় খাগড়িয়া ছড়া, খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ জলাধারগুলো অন্তর্ভুক্ত করা হবে। খালের গভীরতা বৃদ্ধি, রিটেইনিং ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘হালদা নদীকে রক্ষা করতে হলে এর সঙ্গে সংযুক্ত খাল-ছড়াগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের অবহেলায় অনেক খাল ও ছড়া নাব্যতা হারিয়েছে। আমরা ধাপে ধাপে এসব জলপথ পুনরুদ্ধার করে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই।’

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, ‘চলমান খনন ও সংস্কারকাজের মান তদারকিতে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কাজের গুণগত মান নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর