Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ২২:৫৭ | আপডেট: ২২ জুন ২০২৬ ০০:২৬

পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২১ জুন) দুপুরে কোতোয়ালি থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে পোলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাইস্কুলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন জয়নাল । চুরির অভিযোগে তাকে আটক করে স্কুলের সামনে মারধর করা হয়। এক পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে ফুটপাতেই তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, রেলওয়ে পাবলিক হাই স্কুলের নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করেন। সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করতে চাইলে স্থানীয় কিছু লোক বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নজমুন নূর বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হলে তিনি মারা যান। এর সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর