Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বড় ভাই নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১২:৪৭

শাহাব উদ্দিন এবং মোহাম্মদ পেয়ারু।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় শাহাব উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে তার শোকাহত ছোট ভাই মোহাম্মদ পেয়ারুও মারা গেছেন।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুই ভাই হলেন-বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাহাব উদ্দিন (৭৭) ও তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তারা দুজন মৃত ছাবের আহমদের ছেলে। মোহাম্মদ শাহাব উদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সাইফুদ্দিন রবি বলেন, বড় ভাই শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নাসিরাবাদে নিজ বাসভবনে মারা যান। কয়েক ঘণ্টা ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস বলেন, নগরীতে ট্রেন দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর