চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অজু করতে গিয়ে পুকুরে ডুবে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিমা তাসলিম সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, এদিন ভোর আনুমানিক ৫টার দিকে অজু করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন বলেন, ‘ফজরের নামাজের অজু করতে পুকুর গেলেপা পিছলে পড়ে যায় তাসলিমা।’
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ বলেন, ‘ভোরে অযু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে পারে না। এবং পানিতেই তার মৃত্যু হয়।’