চট্টগ্রাম: বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. চন্দন দাশের জীবনাবসান হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক প্রগতিশীল সংস্কৃতিমনা পরিবারে ১৯৫২ সালে চন্দন দাশ জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই বামপন্থী রাজনীতিতে তার হাতেখড়ি হয়। তিনি রাঙ্গামাটি কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যোগ দেন। সত্তরের দশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। এর পর চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
সংস্কৃতি অন্তঃপ্রাণ ডা. চন্দন দাশ চট্টগ্রামে উদীচীর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য ছিলেন। আমৃত্যু তিনি উদীচী চট্টগ্রাম জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের একাধিকবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু সত্যেন সেন-রণেশ দাশগুপ্তের আদর্শ ধারণ করে তিনি উদীচীর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতি বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে সাংস্কৃতিক গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সারাদেশে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামেও তিনি ছিলেন অবিচল। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক। নববর্ষ উদযাপন পরিষদ (সিআরবি), চট্টগ্রামের সহ-সভাপতিও ছিলেন।
সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও ডা. চন্দন দাশ সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। পরবর্তী সময়ে জেলা কমিটির সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। একজন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবেও তিনি বাম রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নব্বই পরবর্তী বিভক্তির হাত থেকে কমিউনিস্ট পার্টিকে রক্ষায় তিনি দৃঢ় ভূমিকায় ছিলেন।
এছাড়া চিকিৎসক গণসংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডেন), চট্টগ্রামের সভাপতি হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
ডা. চন্দন দাশের মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহআলম, বীর মুক্তিযোদ্ধা কমরেড বালাগাত উল্লাহ, চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী, উদীচী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি প্রবাল দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা, ডেন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথ ও সাধারণ সম্পাদক নাবিল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রয়াত ডা. চন্দন দাশের মরদেহ শনিবার (৩০ মে) বেলা ১১টায় নগরীর চেরাগি পাহাড়ে উদীচী কার্যালয়ের নিচে আজাদী চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এর আগে সকাল ১০টায় নগরীর হাজারী লেইনে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা জানানো হবে।