চট্টগ্রাম: ঈদের নামাজের পর কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে শুরু হওয়া পশু কোরবানির পর বর্জ্য অপসারণের কাজও শুরু হয়।
বিকেল ৩টার দিকে নগরীর নূর মোহাম্মদ সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম দুপুর ২টা থেকে কাজ শুরু করব অফিসিয়ালি। এবং ছয় ঘণ্টার মধ্যেই শহরটাকে আমরা ক্লিন করে দিব।
‘তো আনঅফিসিয়ালি আমরা সকাল ৯টা থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নিজে অংশ নিয়েছি। এখন আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। সেটা রাত ৮টা পর্যন্ত চলতে থাকবে। আমরা প্রতিটি ওয়ার্ডে যাব। যেখানেই গিয়েছি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের দেখেছি।’
তিনি বলেন, ‘আমরা ঘোষণা করেছি মোট ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে থাকবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের দেখেছি। আমাদের পর্যাপ্ত গাড়িও রয়েছে। চামড়া নেওয়ার জন্য কিছু স্পেশাল গাড়িও রয়েছে। আমাদের যে গাড়ি ও লোকবল রয়েছে তাতে আমাদের যে কমিটমেন্ট তার মধ্যেই শহরটাকে ক্লিন করে দিতে পারব।’
মেয়র বলেন, ‘এরই মধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন, শহরের বিভিন্ন ওয়ার্ড ক্লিন হয়ে গেছে। কিছু গরু দুপুরে জবাই করা হয়েছে। সেগুলো আমাদের নজরে আছে সেভাবে কাজ করছি। গতবছর যেভাবে খু্ব দ্রুত কাজগুলো সম্পন্ন করেছিলাম, আশা করি সংক্ষিপ্ত সময়ে শহরটাকে ক্লিন করে দিতে পারব।’