Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোয়ালখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৮:২৭ | আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:২৯

বোয়ালখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এ সময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর