চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (৩ মে) রাত ৯টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন।
সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না বরং এটি ছিল একটি পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীলনকশা তৈরি হচ্ছিল।
সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।