চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সমন্বয় কমিটি করা হয়।
কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রতিনিধি, চট্টগ্রাম ওয়াসা-এর ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পানি উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরাও কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সারা বছর সচল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। সেইসঙ্গে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি তদারকি করবে।
কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে এবং কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতর বা সংস্থার প্রতিনিধিদের কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমন্বয় কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে দৃশ্যমান অগ্রগতি আসবে।