Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকসহ চবির ৪ শিক্ষার্থীর ওপর হামলা

চবি করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১১:৩২

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চার শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সাংবাদিক ও আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম। তাদের মধ্যে আবির হাতে গুরুতর আঘাত পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

জানা যায়, রেলক্রসিং সংলগ্ন একটি হোটেল থেকে খাবার শেষে বাসে ওঠার সময় পেছন থেকে হঠাৎ স্লোগান দেওয়া হয়। এ সময় স্থানীয় দুই ব্যক্তি এসে স্লোগানের কারণ জানতে চান। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে কিল-ঘুষিতে তিনজন আহত হন। পরে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি আবির ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার হাতে গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে শিক্ষার্থী আশিকুর ইসলাম জানান, তারা কয়েকজন মিলে হোটেলে খাওয়ার পর বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে স্লোগান দেওয়া হলে স্থানীয় দুই ব্যক্তি এসে তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে তিনজনকে ঘুষি মারা হয় এবং ভিডিও ধারণ করতে গেলে আবিরকে লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে তার হাতে গুরুতর আঘাত লাগে।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন, আশিক ও আবিরকে চিকিৎসার জন্য আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আবিরের বাম হাতের কনুইয়ের ওপরে গুরুতর আঘাত রয়েছে। ভেঙেছে কিনা তা নিশ্চিত হতে এক্স-রে করার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আশিকের বাম হাতের মাংসপেশীতে আঘাত লেগেছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, একজন সাংবাদিকসহ কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায় এবং পুলিশকে অবহিত করা হয়। জড়িতদের দ্রুত গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর