চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়াকে কেন্দ্র করে বাবুই পাখির ২৫-৩০টি বাসা ভেঙে ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাচা মিয়া (৪৮), তিনি পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্র মতে জানা যায়, বাচা মিয়া তার ফসলের ক্ষতি করছে এমন অদ্ভুত অজুহাতে গত দুইদিন ধরে বাঁশ দিয়ে বাবুই পাখির প্রায় ২৫-৩০টি বাসা ভেঙে দিয়েছে। ফলে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে। নিচে মরে পড়ে থাকা ছানাগুলো কাক ও কুকুর-বিড়ালের খাবারে পরিণত হয়। অনেকগুলো মৃত ছানা এখনো মাটিতে পড়ে আছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। অনেকগুলো বাবুই ছানা মারা গিয়েছে। এ ঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছেন। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।