Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৮:৩৯

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ডিসি হিল থেকে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় নগরীর ডিসি হিলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যেই শহরে ডেঙ্গুর যে উৎসমূল রয়েছে সেগুলো উৎসাদনের চেষ্টা করব।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।’

বেলুন উড়িয়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। এর পর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং ফেব্রুয়ারিতে ২৪ জন। ফেব্রুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আর চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল মোট ৪ হাজার ৮৬৪ জন। আর মারা গেছেন ২৭ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর