Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিসিবির পণ্য নিতে এসে মিরপুর কলেজের দেয়াল ধসে নারীসহ নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৯:১০ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২১:২৪

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বরের লাভ রোডে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন। তারা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বরের জনতা হাউজিংয়ের বাসিন্দা।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এসময় সেখানে টিসিবির লাইনে দাঁড়ানো কয়েকজন মানুষ ধসে পড়া দেয়ালের নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

প্রথমে একজন নারীর মৃত্যুর পর পরবর্তীতে এই ঘটনায় আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, ‘টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে সাত থেকে আটজন আহত হন। এর মধ্যে মুখ থ্যাঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।’

নাসিমার স্বজন তারেক বলেন, ‘নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।’

সারাবাংলা/জিএস/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর