Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদনের পর ‘চ্যানেল ওয়ান’-এর পেজে সাইবার হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২১:২৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২৩:১৬

চ্যানেল ওয়ান-এর লোগো।

ঢাকা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ান-এর ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংবাদমাধ্যমটি। একই সঙ্গে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা: তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এতে সরকারের বিভিন্ন দফতরে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঠিকাদারি কার্যক্রম এবং প্রতিমন্ত্রী হওয়ার পর প্রায় ৪০ কোটি টাকার সরকারি কাজ পাওয়ার বিষয়ে তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। প্রতিবেদনে আইনবিদ ও সংশ্লিষ্টদের মতামতের বরাত দিয়ে এসব কার্যক্রমকে সংবিধান ও নীতিবহির্ভূত বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

চ্যানেল ওয়ানের দাবি, প্রতিবেদনটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পরপরই ফেসবুক পেজে ধারাবাহিকভাবে সাইবার হামলা শুরু হয়। ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামে দু’টি ফেসবুক পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। পরে একইভাবে সংশ্লিষ্ট সংবাদটির ফটোকার্ডও সরিয়ে ফেলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে চ্যানেল ওয়ানের বিভিন্ন কনটেন্টে গণহারে রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহে আলম-সংক্রান্ত নতুন পোস্ট প্রকাশের পরপরই সেগুলো রিপোর্ট করা হয়। ভুয়া কপিরাইট অভিযোগের মাধ্যমে কয়েকটি সংবাদ, ফটোকার্ড, এমনকি ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এর উদ্দেশ্য ছিল চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।

চ্যানেল ওয়ানের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) বিকেলে সাইবার হামলা-সংক্রান্ত তাদের প্রকাশিত সংবাদটিও ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, প্রতিমন্ত্রীর ঠিকাদারি ব্যবসা নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি সাংবাদিকতার সব নীতি ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি থাকলে প্রচলিত আইনি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে। কিন্তু সে পথ অনুসরণ না করে সাইবার আক্রমণের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

চ্যানেল ওয়ান এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এ অভিযোগগুলো চ্যানেল ওয়ানের পক্ষ থেকে করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর