ঢাকা: রাজধানীতে পৃথক স্থান থেকে ৩ জন ভবঘুরে ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ বাজার অমর একুশে হলের সামনের ফুটপাত ও ঢাকা মেডিকেলের জরুরী বিভগের পাশ থেকে মরদেহ তিনটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মরদেহ পাওয়া ব্যাক্তিরা হলেন- আনন্দবাজারে অমর একুশে হলের সামনে থেকে মো. হাবিব (৫০) আমান হোসেন (৬০) ও ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত (৪০)।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, সকালে আনন্দ বাজার অমর একুশে হলের পাশের ফুটপাত থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, প্রথমে অজ্ঞাত ছিল। বিকেলে সিআইডি ফরেনসিক বিভাগের তাদের দুজনের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। তাদের একজন বংশালের আমান হোসেন (৬০) ও মতিঝিলের মো. হাবিব(৫০)। তবে তারা দুজনই ভবঘুরে জীবন যাপন করতো। ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। যার বয়স হবে আনুমানিক (৪০) বছর। তার পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থজনিত কারনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।