ঢাকা: দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট মেলা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে এই মেলার উদ্বোধন করা হয়। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আরাফাত হোসেন বলেন, জলভিত্তিক পর্যটনের প্রসারের পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের মেলায় অংশ নিয়েছে ১২০টির বেশি হাউজবোট প্রতিষ্ঠান।
পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা। এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।