Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাবতলী টার্মিনালে অবৈধ স্থাপনা ও বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২০:৪৯

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আইনগতভাবে বাস টার্মিনালে কোনো বাস ২৪ ঘন্টা অবস্থান ও মেরামত করার নিয়ম নাই, গাবতলী বাস টার্মিনালে তাই হচ্ছে। এখানে যেসব অবৈধ স্থাপনা আছে এবং যেসব বাস অবৈধভাবে ২৪ ঘন্টা অবস্থান ও মেরামত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন প্রশাসক। পরে তিনি ব্যবস্থা নেওয়ার এই ঘোষণা দেন।

প্রশাসক জানান, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করে আভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। এই বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল এই টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করে। এই গাবতলী বাস টার্মিনালে ভিতর বাহিরে এবং যাত্রী ছাউনির বিষয় কোনো অবস্থাপনা আছে কি না, তা সরেজমিনে তদন্ত করে দেখার জন্যই এই পরিদর্শন কর্মসূচি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর এই পুরাতন বাসের টার্মিনাল এর কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ড এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে মিটিং করা হয়েছে এবং এই বাস টার্মিনালকে পরিবেশ বান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সকল কাজ সম্পন্ন করা হবে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও পরিবহন ম্যানেজারসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসএস