Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্টাফ করেসপন্ডেট
২৭ জুন ২০২৬ ১৮:২৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

ঢাকা: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস এবং ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকার। তবে শুধু ভ্রাম্যমাণ আদালত বা প্রশাসনিক তদারকির মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। খাদ্য উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সচেতনতা ছাড়া নিরাপদ খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা কঠিন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জনসমাগমস্থলে এ বিষয়ে প্রচারণা চালানোর পাশাপাশি ফুড কোর্ট, ফুটপাতের খাবার বিক্রেতা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’

সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘একসময় সমাজে স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্লাব ও পাঠাগারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম কমে যাওয়ায় সামাজিক দায়বদ্ধতাও দুর্বল হয়েছে। মানুষ মানবিক হলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির প্রবণতাও কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীতে ভ্রাম্যমাণ খাবারের দোকানের সংখ্যা বাড়ছে। এসব খাবার প্রস্তুতে ব্যবহৃত পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। ব্যবসা পরিচালনা করতে হবে স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে।’

ডিএসসিসির পক্ষ থেকে নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত, বাজার তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তাতে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা করবে।’

ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর তদারকি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর