ঢাকা: রাজধানীর কলাবাগানের পান্থপথে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (১৬জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম পান্থপথে ঘটনাটি ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চাউলেরচড় গ্রামে। বাবার নাম জালাল উদ্দিন। পান্থপথের একটি অফিসে তিনি কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
হাসপাতালে মৃত আবু রায়হানের সহকর্মী শফিকুল ইসলাম বলেন, ‘পশ্চিম পান্থপথে একাডেমি অব বিজনেস প্রোফেশনাল (এবিপি) অফিসের অফিস সহকারীর কাজ করতেন রায়হান। বিকেলে অফিসের বাইরে একটি আমগাছে উঠে আম পাড়তে যায়। এ সময় লোহার পাইপ দিয়ে আম পাড়ার সময় বাইরের তারের সাথে লেগে বিদ্যুাতায়িত হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কলাবাগান থানায় জানানো হয়েছে।