ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৪জুন) সকাল ১০টার দিকে রূপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার তিনতলার ছাদে ঘটনাটি ঘটে। বিদ্যুতে দগ্ধরা হলেন- মাদরাসার শিক্ষক সালমান ফারসী(২৪) এবং দুই শিক্ষার্থী মারুফ হাসান(১৪) ও খাইরুল ইসলাম (১২)।
মাদরাসার অপর শিক্ষক জাহিদুল ইসলাম জানান, সালমান ওই মাদরাসার শিক্ষক। মারুফ হেফজো বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশুনা করে। সকালে তিনজন ছাদে মাদরাসার একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সঙ্গে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুাতায়িত হয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। এর পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের দুই শতাংশ, ও খাইরুলের তিন শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মারুফকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দু’জনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।