ঢাকা: রাজধানীর মগবাজারে যাত্রীবাহী বাসচাপায় এ আর আক্তারুল আলম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তিকে এক মোটরসাইকেল চালক ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরঝিল এলাকার মগবাজার ওয়্যারলেস মোড়ে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আক্তারুলকে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি ওয়ারলেস মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এর পর মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এর পর পথচারীরা তাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক ও আজমেরী পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুটিয়া গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় থাকেন তারা। তার বাবা একটি কোম্পানিতে চাকরি করতেন।
তিনি বলেন, ‘মোবাইলের মাধ্যমে বাবার দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজুল ইসলাম মেডিকেলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।’