Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর অনুদান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৯:২৩

ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

ঢাকা: রাজধানী ঢাকার মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে পুনর্বাসনের আশ্বাস দেন।

সহায়তা বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর গত ২৫ জুন রাত থেকেই ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে প্রতি বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে তারা যেন ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন, সেই লক্ষ্যে তাদের জন্য একটি গরু এবং সুন্দরভাবে পোলাও-মাংস দিয়ে ঈদ উদযাপনের সবধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত তারা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। একটি মহল বা গুপ্ত সংগঠন এই পরিস্থিতি নিয়ে নোংরা রাজনীতি ও অপপ্রচারে মেতে উঠেছে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মল্লিক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসলাম গাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।