Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে বকাবকি, গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২৩:০৫

আত্মহত্যা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় মিতু মাতবর (১৮) নামে এক গৃহবধু মারা গেছে। বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে বকাবাকি করায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরে আচার ওয়ালা ঘাট ৭ নম্বর গলির একটি বাসায় ঘটনাটি ঘটে। পরে দেখতে পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মিতু মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুল আজিজ মাতবরের সন্তান। বর্তমানে কামরাঙ্গরীচর আচারওয়ালা ঘাটের ৭ নম্বর গলিতে তিন বছরের সন্তানকে নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

হাসপাতালে মিতুর ফুফু ডালিয়া আক্তার জানান, মিতুর স্বামী রনি মাতবর মালয়েশিয়া প্রবাসী। স্বামী প্রবাসে থাকায় মিতু রিয়াজ নামে এক ছেলের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজনি হলে মিতুর পরিবার বকাবকি করে। সেই অভিমানে মিতু সন্ধ্যার দিকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকির পরেও তিনি দরজা খোলে না। এর পর দরজা ভেঙে দেখতে পাওয়া যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে দ্রুত স্থানীয় ডলফিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম