Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরেক যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১২:৩৮ | আপডেট: ১৮ মে ২০২৬ ১২:৪০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধের ঘটনায় কাওসার (৩০) নামে আরও একজন মারা গেছেন।

সোমবার (১৮ মে) সকাল সারে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ওই ক্যান্টিনের কর্মচারী ছিলেন। এই নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কাওসারের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল সঙ্গে তার শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। বর্তমানে নাজমুল ১৩ শতাংশ, সুপ্রভাত ঘোষ ১২ শতাংশ আলআমিন ২২ শতাংশ,ও দগ্ধ নিয়ে ভর্তি আছে।

বিজ্ঞাপন

এরআগে গত বুধবার (১৩মে) দুপুর ১টার আগুনের ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হন, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০) এবং ক্যান্টিন কর্মচারী মো. আমির (২৫) শংকর(২৫) কাওছার(৩০), আলআমিন(৪৫)।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ক্যান্টিনে দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই সিরিয়াল ধরেছিলেন। তখন কিচেনের ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ ১২ জন দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। রান্না শেষে কেউ একজন গ্যাসের চুলা চালু করে রেখেছিল। এরপর ম্যাচ জালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়।

মৃত কাওসারের চাচাতো ভাই মো. ফয়সাল জানান, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাউশিয়া গ্রামে। তার বাবার নাম মো. জমশেদ। বর্তমানে সোনারগাঁও এলাকাতেই থাকতেন। এবং ওই ক্যান্টিনে কাজ করতেন।

 

 

সারাবাংলা/ এসএসআর/ এএ